শিক্ষা, দুর্নীতি ও মাদকবিরোধী অবস্থানে তারেক রহমানের অঙ্গীকার তুলে ধরলেন এমপি ডা. বাচ্চু

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৩৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। একই সঙ্গে তিনি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। একটি শিক্ষিত, মেধাবী ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেওয়ার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় আমেনা শেখ স্কলারশিপের চেয়ারম্যান এস. এম. কাজল রানার সভাপতিত্বে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার তমির উদ্দিন দাখিল মাদ্রাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে আমেনা শেখ স্কলারশিপ আয়োজিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল।

তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার ওপর। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও সম্পৃক্ত করতে হবে। এতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুন: সাত সকালে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

তিনি শিক্ষকদের এ বিষয়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমেনা শেখ স্কলারশিপের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা আমেনা শেখ স্কলারশিপের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় কৃতকার্য মোট ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে উত্তীর্ণ শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও পুরস্কার এবং অন্যান্য শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ বিল্লাল হোসেন বেপারী, বিএনপি নেতা নরুল আমিন আকন্দ, শাহজাহান মোড়ল, শহীদুল্লাহ বুন্দুকশি, আরিফুল ইসলাম সরকার, রাশেদুল হক নয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।