প্রধানমন্ত্রীর নির্দেশনা
কালিয়াকৈরে ৭ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গাজীপুর -১ আসনের সংসদ সদস্যের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ৭ হাজার পরিবারের মাঝে একযোগে খাদ্য সামগ্রীর বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভায় অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন , দুঃস্ত ও অসহায় পরিবারের মাঝে ৯ টি ইউনিয়ন , পৌর সভার ২ টি স্হান এবং সিটি কর্পোরেশনের কাশিপুর,কোনাবাড়ী ও বাসন মেট্রো থানার ১৪ টি স্হানে একযোগে ৭ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি পরিবারের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে অতি বৃষ্টির কারণে জলবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত ৭ হাজার পরিবারকে সহযোগিতা করা হয় । কালিয়াকৈর পৌর ভবন মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম সহ উপজেলা ও পৌর বিএনপি'র নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী প্রধান মোঃ জাহিদুল আলম তালুকদার। অনুষ্ঠান শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।





