শাপলা চত্বর হত্যাযজ্ঞ: নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন ধরে তদন্ত পরিচালনা করেছে। তদন্ত শেষে সংস্থাটি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

তিনি জানান, প্রতিবেদনটি বর্তমানে চূড়ান্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে এবং প্রকৃত অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রতিবেদনটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশের শ্রম খাতে সহযোগিতা আরও জোরদারের বার্তা দিল আইএলও

আমিনুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের উপস্থিতিতে খসড়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মামলায় সম্ভাব্য আসামিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সাবেক বিজিবি মহাপরিচালকসহ কয়েকজনের নাম এসেছে। তবে যাচাই-বাছাই শেষে এ তালিকায় সংযোজন বা বিয়োজন হতে পারে।

নিহতদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, তদন্তে এ পর্যন্ত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেলেও ইতোমধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।