পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, জারি প্রজ্ঞাপন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুরে বদলি করা হয়েছে।
এ ছাড়া, মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেলে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
একইভাবে, মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৩০ জুলাই থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।





