ফেনী জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘জীবন ও দেশকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা কারাগার-২-এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং ফেনী জেলা কারাগার-২-এর সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফেনীসহ ছয় জেলার মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দী এবং বিভিন্ন মামলায় বিচারাধীন বন্দীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে অবহিত করা এবং তাদের সুস্থ ও মাদকমুক্ত জীবনে ফিরে আসতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ফেনী জেলা কারাগার-২-এর জেলার ফেরদৌস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।

আরও পড়ুন: উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকাসক্তি মানুষের নৈতিক অবক্ষয়, পারিবারিক অশান্তি, সামাজিক অপরাধ এবং নানা ধরনের শারীরিক ও মানসিক জটিলতার সৃষ্টি করে। তাই মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়া বন্দীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারাভোগ শেষে সমাজে ফিরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে হবে। মাদকমুক্ত জীবন গড়ে তুলে নিজেকে, পরিবারকে এবং দেশকে সমৃদ্ধ করার প্রত্যয় গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়াসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং ফেনী জেলা কারাগার-২-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।