লক্ষ্মীপুরে ভেজাল ঘি কারখানায় অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৪৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে বিসিক শিল্পনগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের ম্যানেজার কাম কারিগর জিল্লাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কোম্পানির মূল মালিক জিল্লালের আপন ভাই আব্দুল মান্নান পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রীষ্মকালীন কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দণ্ডপ্রাপ্ত জিল্লাল সদর উপজেলার চররুহিতা গ্রামের বশির উল্যার ছেলে। আপন ভাইয়ের প্রতিষ্ঠান হলেও সেখানে তিনি মাসিক বেতনে চাকরি করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ৫০ কার্টুন ঘি বিক্রির অর্ডার নেয় প্রতিষ্ঠানটি। এতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নিরাপদ খাদ্য বিভাগের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করা হয়। প্রতিটি কার্টুনে ৯০০ গ্রাম ওজনের ১২টি কৌটা রয়েছে। পরে নকল ঘি উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানের মালিকের ভাই জিল্লালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন: খাতা-কলমে পদ পূর্ণ, বাস্তবে চিকিৎসক সংকট,বাড়ছে রোগীর ভোগান্তি

জিল্লাল ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করেন, তারা সয়াবিন তেল, ডালডা ও ঘির ফ্লেভার দিয়ে ঘি তৈরি করেন। ৯০০ গ্রাম ঘির কৌটা প্রায় ১ হাজার ৪০০ টাকায় দোকানে বিক্রি করা হয়। তবে তাদের কারখানায় সয়াবিন তেল পাওয়া যায়নি।

এ সময় জব্দকৃত ঘি ভ্রাম্যমাণ আদালতের সামনেই বিনষ্ট করা হয়।

জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী বলেন, মার্জারিন ঘি উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি অনুমোদন নেয়। তবে তারা নকল ঘি তৈরি করে আসছে। এটি মানবদেহের জন্য ক্ষতিকর। ঘির কৌটায় নগদ টাকার কুপন রয়েছে। আর এই ঘি তারা বাবুর্চিদের মাধ্যমে সরবরাহ করে আসছে। এছাড়া নোংরা পরিবেশে এ ঘি তৈরি করা হচ্ছিল। তারা আবু তাহের ছানা কোম্পানি নামে বিসিক থেকে প্রতিষ্ঠানের জন্য জমি নেয়। কিন্তু তারা এখন তাহের ফুড ইন্ডাস্ট্রিজ নামে নকল ঘি তৈরি করে আসছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ বলেন, প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান। তিনি পলাতক রয়েছেন। জিল্লাল একই পণ্য উৎপাদনসহ সব কাজ করে থাকেন। নকল ঘি উৎপাদনের দায়ে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে পুনরায় একই কাজ করলে কোম্পানির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।