পুলিশের ওপর হামলা, প্রধান আসামিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ৮:২০ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলার মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম (২৭) কারামুক্তির কয়েক দিনের মাথায় আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে এবার ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। 

এছারাও পুলিশের  অভিযানে তার কাছ থেকে নগদ ৫৩ হাজার ৩০০ টাকাও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বাউফলে সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

সোমবার (২৭ জুলাই) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকার সাইজুদ্দিনের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নান্নু মিয়া ওরফে লাল মিয়ার ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মাদক, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।

আরও পড়ুন: বাঘ হত্যা থামছে না, সক্রিয় আন্তর্জাতিক চোরাকারবারি চক্র

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। এ কারণে স্থানীয়ভাবে তিনি ‘মাদক সম্রাট’ হিসেবেও পরিচিত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত কক্ষ তল্লাশি করে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও নগদ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে শ্রীপুরের মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে জাহাঙ্গীর ও তার সহযোগীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। হামলার সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পুলিশের দাবি, ওই হামলার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। পরে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে সর্বশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।