ব্যাংক ও বিকাশ অ্যাপ হ্যাক করে এনজিও কর্মকর্তার টাকা লুট

Sanchoy Biswas
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০৯ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে মো. আল মামুন নামে এক এনজিও কর্মকর্তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাপের গোপন নম্বর হ্যাক করে ওটিপি ছাড়াই ৩৮ হাজার ৯০০ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মামুন বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর অ্যাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সার্ড)-এর প্রোগ্রাম অর্গানাইজার।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

মো. আল মামুন জানান, বুধবার বিকেলে তার মোবাইল ফোনে হঠাৎ আপডেট সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তখন তিনি বারবার ফোনের বিভিন্ন অপশনে কাজ করার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় ২০ মিনিট পর ফোনের স্বয়ংক্রিয় কার্যক্রম সম্পন্ন হয়। এরপর তিনি মেসেজ অপশনে দেখতে পান, তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোবাইল ফোনের বিকাশ অ্যাপে বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে ১০ হাজার টাকা, ৫টা ৪৯ মিনিটে ৫ হাজার টাকা, ৫টা ৫২ মিনিটে ৩ হাজার টাকা এবং ৫টা ৫৭ মিনিটে ১ হাজার ৫০০ টাকাসহ মোট ১৯ হাজার ৫০০ টাকা স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এরপর মোবাইল ফোনের বিকাশ অ্যাপের মাধ্যমে বিকেল ৫টা ৪৪ মিনিটে একটি নম্বরে সেন্ড মানি করে ৯ হাজার ৯০০ টাকা, ৫টা ৫১ মিনিটে একই নম্বরে ৫ হাজার টাকা, ৫টা ৫৪ মিনিটে অপর একটি নম্বরে সেন্ড মানি করে ৩ হাজার টাকা এবং সন্ধ্যা ৬টা ৩ মিনিটে ১ হাজার ৫০০ টাকাসহ মোট ১৯ হাজার ৪০০ টাকা লুট করে নেওয়া হয়।

এ প্রসঙ্গে গৌরীপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ফজলে নূর জানান, তিনি হয়তো ক্ষতিকর কোনো অ্যাপে প্রবেশ করায় এমনটা হয়ে থাকতে পারে। ব্যাংকের ওটিপি ছাড়া কোনো অবস্থাতেই টাকা ট্রান্সফার হওয়ার সুযোগ নেই।