আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৫৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার শতবর্ষের অধিক কালের ঐতিহ্যবাহী আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল আলম জহির।

আরও পড়ুন: ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসররা জাতির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বাদশা, হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ নাছির উদ্দিনের অর্থায়নে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী চার শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

এ বছর বিদ্যালয় থেকে সরকারি প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— মোহাম্মদ আবদুল্লাহ বিন ইকবাল, জান্নাতুল মাওয়া, বিবি খাদিজা এবং সাবিহা তারান্নুম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল আলম জহির শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সুনাগরিক গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত।

সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী ইকবাল হোসেন রিপন বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ব্যক্তিগত জীবনে ইকবাল হোসেন রিপন এ অঞ্চলের একজন পরিচিত শিক্ষানুরাগী ও উদ্যোক্তা। তিনি আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৯৩ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। ২০০৩ সালে যুব উন্নয়ন বিষয়ে মর্যাদাপূর্ণ কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি কিছুদিন আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ‘কালার ভিশন’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমদানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততা স্থানীয়ভাবে প্রশংসিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য শাখাওয়াত হোসেন, মহি উদ্দিন সবুজ, আয়েশা আক্তার, নুর নাহার, রিনা আক্তার, সালমা আক্তার, শরৎ চন্দ্র ভৌমিকসহ শিক্ষক, অভিভাবক, সুধীজন ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

উল্লেখ্য, ১৯১২ সালে প্রতিষ্ঠিত আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ১১৫ বছরের ঐতিহ্য ধারণ করে এ অঞ্চলে প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি কৃতিত্বপূর্ণ ফলাফল, সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদান রেখে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।