সে জিজ্ঞেস করেছিল আমার এইডস আছে কি না: গায়ত্রী সুরেশ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিগ বস মালায়ালম ৮-এর প্রতিযোগী ও অভিনেত্রী গায়ত্রী সুরেশ তার জীবনের একটি ‘বিষাক্ত’ সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি অনুষ্ঠান থেকে বাদ পড়ার আগে এক টাস্কে নিজের অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান তিনি।

বিগ বস তাকে প্রশ্ন করেন, জীবনে যে ব্যক্তি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তার সঙ্গে কথা বলার সুযোগ পেলে কী বলবেন? জবাবে গায়ত্রী বলেন, “আমার জীবনে অনেকেই আমাকে কষ্ট দিয়েছেন। তবে সবচেয়ে বেশি মানসিকভাবে আঘাত পেয়েছিলাম ২০২১ সালে, যখন আমি একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলাম। তখন আমি একটি ‘সিচুয়েশনশিপে’ ছিলাম। আমি ভেবেছিলাম, এটি একটি সম্পর্ক। কিন্তু এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, সেটি শুধুই একটি সিচুয়েশনশিপ ছিল।”

আরও পড়ুন: মাত্র ৪৫ মিনিটেই গ্লাস্টনবারি ২০২৭-এর সব টিকিট শেষ

গায়ত্রী জানান, সম্পর্কের শুরু থেকেই তিনি কিছু সতর্কসংকেত বুঝতে পেরেছিলেন। তবে সেই মানুষটিকে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, “আমি এমন একজন, যে মানুষের বিপদসংকেত খুব দ্রুত বুঝতে পারি। তবুও আমি মানুষকে তিনবার সুযোগ দিই। এরপর তারা আমার জীবন থেকে সরে যায়। আমাদের ‘সম্পর্কের’ প্রথম সপ্তাহেই সে আমাকে জিজ্ঞেস করেছিল, আমার এইডস আছে কি না। সেই মুহূর্তে আমি তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিই।”

আরও পড়ুন: নতুন গল্পে তৌসিফ-তটিনী

তবে পরে আবার সেই সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন গায়ত্রী। তার ভাষায়, “আপনি সবসময় বুঝতে পারেন না যে আপনি অতিরিক্ত নেতিবাচক হয়ে যাচ্ছেন কি না, কিংবা সবসময় বিপদসংকেত খুঁজছেন কি না। তাই আমি সম্পর্কটা চালিয়ে গিয়েছিলাম।” পরবর্তী সময়ে গায়ত্রী জানতে পারেন, ওই ব্যক্তি একই সময়ে অন্য একজনের সঙ্গেও সম্পর্কে ছিলেন। তিনি বলেন, “আমি ত্রিশূরে থাকি, সে এর্নাকুলামে থাকত। সেখানে সে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল।”

২০২১ সালের সেই দুর্ঘটনা

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ২০২১ সালে একটি গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটে। সে সময় গায়ত্রী এক পুরুষ বন্ধুর সঙ্গে গাড়িতে ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়। বিগ বসের টাস্কে সেই সময়ের কথা স্মরণ করে গায়ত্রী বলেন, “দুর্ঘটনার পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। সেখান থেকে ফিরে সে আমাকে একটি ক্যাফেতে একা রেখে তার অন্য প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। আমার জন্য এটাই ছিল সবচেয়ে মর্মান্তিক ঘটনা।”

গায়ত্রী আরও বলেন, “তাই যদি তার সঙ্গে আমার আবার দেখা হয়, আমি বলব, ‘আপনাকে অনেক ধন্যবাদ।’ আমি স্পষ্টভাবে কল্পনা করতে পারি, তার প্রেমিকা কীসের মধ্য দিয়ে গেছে। কারণ এটি ছিল একটি আত্মমুগ্ধতাপূর্ণ সম্পর্ক এবং সেখানে মানসিক নির্যাতনও ছিল।”

অতীতের সেই সম্পর্ককে এখন আর নেতিবাচকভাবে দেখেন না গায়ত্রী। বরং তাঁর মতে, সেই অভিজ্ঞতাই তাঁকে আরও পরিণত করেছে। তিনি বলেন, “এখন যদি তার সঙ্গে আমার দেখা হয়, আমি বলব, অন্য কাউকে বেছে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নইলে আমাকে সেই সম্পর্কে আরও কষ্ট পেতে হতো। এর ফলেই আমি পরিণত হয়েছি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি নিজেকে আরও উন্নত করব এবং বিকশিত হব।”

উল্লেখ্য যে, গায়ত্রী সুরেশ ‘ওরু মেক্সিকান অপারাথা’, ‘চিলড্রেনস পার্ক’ ও ‘গান্ধারওয়া’র মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।