আগুনের পর সাত লিকেজ, ৭ ঘণ্টা ধরে গ্যাস নেই আশুলিয়ায়

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:০৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় গ্যাস সরবরাহ লাইনে আগুন লাগার ঘটনার পর প্রায় সাত ঘণ্টা ধরে আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। লাইনে সাতটি লিকেজ শনাক্ত করে মেরামতকাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে কখন সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি তারা।

বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় গ্যাস সরবরাহ লাইনে আগুন দেখা যায়। পরে দুর্ঘটনা এড়াতে ওই অংশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। এরপর লাইনে লিকেজ শনাক্ত করে মেরামতকাজ শুরু করা হয়।

আরও পড়ুন: ফটিকছড়িতে প্রতিবেশির ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাত ৮টার দিকে তিতাসের জরুরি রক্ষণাবেক্ষণ সেবার নম্বরে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, লাইনের ওই অংশে সাতটি লিকেজ শনাক্ত হয়েছে। সেগুলো মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে মেরামতকাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

এদিকে দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন আশুলিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিশেষ করে ছুটির দিনে বাসাবাড়িতে রান্না করতে না পেরে অনেকেই খাবারের জন্য হোটেল-রেস্তোরাঁয় ছুটছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: ভিউয়ের দৌড়ে সাংবাদিকতার নীতি-নৈতিকতা উপেক্ষিত