কিশোরগঞ্জে তিতাসের হাই-প্রেশার গ্যাস লাইনে অবৈধ সংযোগ, দুই জমির মালিক গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৪২ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১,০০০ পিএসআইজি হাই-প্রেশার গ্যাস লাইনে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগে দুই জমির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, একটি চুনা পাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার ফলে পাইপলাইনে লিকেজ সৃষ্টি হয় এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থল থেকে গ্যাস লিকেজ শুরু হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গ্যাসের অপচয়ও হচ্ছিল।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এ ঘটনায় গত ৩ আগস্ট কিশোরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে তিতাস গ্যাসের কিশোরগঞ্জ আঞ্চলিক অপারেশন বিভাগ, ময়মনসিংহ আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়।

পরে অভিযোগের ভিত্তিতে ৪ আগস্ট বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সংশ্লিষ্ট চুনা পাথর কারখানার সঙ্গে সম্পৃক্ত দুই জমির মালিককে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সুলতান উদ্দিন আকন্দ ও মো. সুমন মিয়া কটিয়াদী উপজেলার কাজীরচর এলাকার বাসিন্দা। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অপর আসামি হিসেবে অভিযুক্ত চুনা পাথর কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, গত ৫ আগস্ট ক্ষতিগ্রস্ত গ্যাসলাইন মেরামত করা হয়েছে। বর্তমানে গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।