থানার ভেতরে সিআইডি পরিদর্শককে থাপ্পড়ের অভিযোগ, কৃষকদল নেতা গ্রেপ্তার

Sanchoy Biswas
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মজিবর রহমান মজিবের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ। পরে ওই পুলিশ কর্মকর্তার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমান মজিবসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

আরও পড়ুন: নবীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মজিবর রহমান মজিব দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক ও বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য।

অন্যদিকে, নওয়াবুর রহমান দিনাজপুরে সিআইডির পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত।

আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর নিয়ে আপিল খারিজ, স্থিতাবস্থা বহাল

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং মামলার আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে রোববার রাতে কোতোয়ালি থানায় যান নওয়াবুর রহমান। সে সময় তিনি সিভিল পোশাকে ছিলেন।

একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান মজিবর রহমান। তবে তখন ওসি থানায় ছিলেন না। ওসির কক্ষের সামনে মজিবর রহমান সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমানের কাছে ওসির অবস্থান জানতে চান।

এ সময় নওয়াবুর রহমান নিজেকে কোতোয়ালি থানার পুলিশ সদস্য নন, সিআইডির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে মজিবর রহমানের সঙ্গে থাকা একজন নওয়াবুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।

নওয়াবুর রহমান এর প্রতিবাদ করলে মজিবর রহমানের সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে তিনি ওই পুলিশ কর্মকর্তার ডান গালে সজোরে থাপ্পড় মারেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

ঘটনার পর থানায় কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মজিবর রহমানকে আটক করে থানার হেফাজতে রাখেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী জানান, মামলার তদন্তে থানায় আসা সিআইডির পুলিশ পরিদর্শকের গায়ে হাত দেওয়ার অভিযোগে মজিবর রহমান মজিবকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন।

ওসি আরও জানান, ওই মামলায় মজিবর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।