নকলায় পেয়ারার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছরের ব্যক্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৪৯ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় বিস্কুট ও পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।

পরিবারের অভিযোগ, গত ৫ আগস্ট স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিশুটিকে বিস্কুট ও পেয়ারা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান আব্দুর রাজ্জাক। সেখানে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’

ঘটনার পর শিশুটির হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার নানি। কয়েকবার জানতে চাইলেও ভয়ে প্রথমে কোনো কথা জানায়নি শিশুটি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরে রোববার অভিযুক্ত আব্দুর রাজ্জাক শিশুটির বাড়ির উঠানে এসে তার সঙ্গে কথা বলেন এবং তাকে কোলে তুলে নেন। এ সময় শিশুটি অস্বাভাবিক আচরণ করতে থাকে। লোকজন আসতে দেখে অভিযুক্ত তাকে নামিয়ে দেন। এরপর আবারও বিস্কুট ও পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে পরদিন তার বাড়িতে যেতে বলেন বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

বিষয়টি লক্ষ্য করে শিশুটির নানি তাকে সতর্ক করেন। এ সময় সঙ্গে থাকা আরেক শিশু আগের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে। পরে নানি জোর দিয়ে জানতে চাইলে শিশুটি কান্নার মধ্যে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়। পরে নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।