জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩-৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ‘দিগন্ত মেগা শপ’, গ্রামীণ জনপদে শহরের ছোঁয়া
নিহত ব্যক্তি হলেন কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে ফয়েজ আহমদ।
তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদসহ অজ্ঞাতনামা চালক ও আরও ২-৩ জন গুরুতর আহত হন।
আরও পড়ুন: রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, কুমিল্লায় তীব্র গ্যাস সংকট
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার জিডি নং-৩০৪, তারিখ ১৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দে দুর্ঘটনার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।





