মুন্সীগঞ্জে এ.আর ক্লিনিকে মোবাইল কোর্ট, বিভিন্ন অনিয়মে ৮০ হাজার টাকা জরিমানা

Any Akter
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার এলাকার এ.আর ক্লিনিকে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অভিযোগের ভিত্তিতে ওই ক্লিনিকটিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসির অনুমোদন না থাকা, অনুমোদিত ১০ শয্যার বিপরীতে ১৭ জন রোগী ভর্তি রাখা এবং এক্স-রে টেকনোলজিস্ট না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

আরও পড়ুন: নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল নেতার খাবার বিতরণ

পরে এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। এ সময় পুলিশের একটি দল সহযোগিতা করে।

আরও পড়ুন: জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বোমা মেশিন ও ১২ বারকি নৌকা জব্দ

সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শনের সময় বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের স্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।