গর্ভবতী নারীকে পিটিয়ে জখমের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে সজিনা গাছ থেকে পাতা ছেড়াকে কেন্দ্র করে ৫ সপ্তাহের এক গর্ভবতী নারী ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর ও জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানাধীন নবীগঞ্জ বাগবাড়ী এলাকার কদমরসুল কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সাথী (২৫) বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতপরিচয় বাবা-ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী সাথী বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার মো. তারিফ হাসানের স্ত্রী।
আরও পড়ুন: উল্টো পথে চলায় মন্ত্রী মিল্লাতের গাড়িকে মামলা
অভিযোগ সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর দুপুরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন সাথী। পথিমধ্যে কদমরসুল কলেজ গেটের সামনে থাকা একটি সজিনা গাছ থেকে কয়েকটি পাতা ছেড়েন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি (যাঁরা সম্পর্কে বাবা ও ছেলে) ক্ষিপ্ত হয়ে সাথীর ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট ফুলা জখম করে। সাথী ৫ মাসের গর্ভবতী জানা সত্ত্বেও অভিযুক্তরা তাঁর তলপেটে এলোপাতাড়ি লাথি মেরে গুরুতর আহত করে। খবর পেয়ে সাথীর স্বামী মো. তারিফ হাসান ও বাবা মো. সোহেল তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরকেও এলোপাতাড়ি মারধর করে।
আরও পড়ুন: জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ-ফেনসিডিল জব্দ
পরবর্তীতে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে চম্পট দেয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার আত্মীয়স্বজনদের সাথে আলোচনা করে বন্দর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।





