ডিবি পুলিশের জালে পাখি ব্যবসায়ী শাহীন
বগুড়ার শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ শাহীন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহীন উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের মোখছেদুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন পাখি ব্যবসায়ী।
আরও পড়ুন: মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার বিকেলে ঘাষিড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত শাহীনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় বি-ব্লক বাজারের ব্যবসায়ীরা জানান, শাহীন দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে বাজারে পাখির ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে আড়ালে তিনি যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তা সাধারণ মানুষের অজানা ছিল।
আরও পড়ুন: জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া জেলা ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।





