ইয়াবা সেবনকালে দুই তরুণ গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনকালে দুই তরুণকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দোয়ারহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ও দণ্ডপ্রাপ্তরা হলেন—দোয়ারহাটি গ্রামের মো. উজ্জ্বলের ছেলে মো. শাওন (২০) এবং একই গ্রামের হান্নানের ছেলে তানভীর (১৯)।
আরও পড়ুন: বিএনপির দুই গ্রুপের মারামারি, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিকলী থানার সেকেন্ড অফিসার রোমান খানের নেতৃত্বে এসআই সাগর বিশ্বাস, এএসআই জাকির হোসেনসহ পুলিশের একটি চৌকস দল দোয়ারহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় শাওন ও তানভীরকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে আটক দুজনকে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।
আরও পড়ুন: নবীগঞ্জে ওরসের আসরে মৃত্যু, হত্যার মামলায় ২ বছর ৭ মাস পর লাশ উত্তোলন
নিকলী থানার সেকেন্ড অফিসার রোমান খান বলেন, “মাদকবিরোধী অভিযানে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। মাদকসেবী কিংবা মাদক কারবারি যতই প্রভাবশালী বা শক্তিশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। নিকলীতে কোনো মাদকসেবী ও মাদক বিক্রেতা থাকতে পারবে না। মাদকের শিকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।





