ভেনিসে বাঁধনকে হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৫৮ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতালির ভেনিসে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং তাঁর পরিবারের সদস্যদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর ভিপি সাদিক কায়েমের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেনিসে বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, গায়ে পানি ছুড়ে মারা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টার ঘটনায় ডাকসু গভীরভাবে উদ্বিগ্ন। একজন সম্মানিত বাংলাদেশি নারীর সঙ্গে বিদেশের মাটিতে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন: বাঁধনকে ঘিরে ঘটনায় পিয়া জান্নাতুলের ক্ষোভ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবে জনগণের সম্মিলিত সংগ্রামের কাছে রাজনৈতিক পরাজয়ের ক্ষোভ থেকে বিদেশের মাটিতে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে এ ধরনের আক্রমণ চালানো হয়েছে। ডাকসুর দাবি, এ ঘটনা হামলাকারীদের ‘দেউলিয়াত্ব ও সন্ত্রাসী মনোভাবের’ বহিঃপ্রকাশ।

ডাকসু বলছে, দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ও ‘অপশক্তি’ বাংলাদেশের সাধারণ ও সম্মানিত নাগরিকদের ওপর এভাবে হামলার সাহস দেখাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন: বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ সাফা কবির

এ ঘটনায় বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দুটি দাবি জানিয়েছে ডাকসু। প্রথমত, ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দায়ের করে হামলাকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

দ্বিতীয়ত, প্রবাসে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে কূটনৈতিক পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাদের পাসপোর্ট বাতিলের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছে ডাকসু।

ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন হলে রাষ্ট্রকে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।