মাগুরায় আবারও ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মাগুরার শ্রীপুরে অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালিয়ে ২৮৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জামিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টিকারবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
আরও পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশে ফের বেড়েছে লোডশেডিং
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিকারবিলা বাজারের ব্যবসায়ী জামিরুল ইসলাম অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বেশি দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ২৮৮ বস্তা সার জব্দ করা হয়।
পরে সার ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আরও পড়ুন: ধর্মান্তরিত শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাইকোর্ট
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি বলেন, “কৃষি খাতে কৃত্রিম সংকট তৈরি কিংবা কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারা, শ্রীপুর থানা পুলিশের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাত্র পাঁচ দিনের ব্যবধানে একই এলাকায় অবৈধভাবে মজুত করা সারের বিরুদ্ধে এটি উপজেলা প্রশাসনের দ্বিতীয় অভিযান। এর আগে ৫ সেপ্টেম্বর শ্রীপুরের আমলসার বাজারে অভিযান চালিয়ে তিনটি গুদাম থেকে ৩২৮ বস্তা অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়। ওই ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল।





