ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৬ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: দেশে ফের বেড়েছে লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ

নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’।

তিনি জানান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ।

আরও পড়ুন: বিদ্যুৎ গিলছে দুর্ঘটনা বাড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা

নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একসঙ্গে এলে বন্ধুদেশের জাহাজ আগে খালাস হবে—এমন ব্যবস্থাসহ দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি করে গেছে শেখ হাসিনার সরকার। বর্তমান সরকার সেই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্বাবলম্বী করতে চাই এই দেশকে। এর জন্য আমাদের যা যা করা দরকার, আমরা তাই করব।’

চিফ হুইপ আরও বলেন, হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ সরকার পরিশোধ করেছে। দেশে বর্তমানে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানেও সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই বলে দাবি করেন তিনি।