ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩১ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন পরিণীতি চোপড়া। সিনেমার পাশাপাশি ওটিটিতেও এরই মধ্যে পরিচিত মুখ তিনি। তবে এবারই প্রথম ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা হচ্ছে এই অভিনেত্রীর। নেটফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মধ্য দিয়ে সিরিজে অভিষেক হচ্ছে তাঁর। সম্প্রতি সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে দেখা যাবে এটি।

ওটিটিতে পরিণীতির যাত্রা অবশ্য নতুন নয়। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ সিনেমার মাধ্যমে এই প্ল্যাটফর্মে তাঁকে প্রথম দেখা যায়। এরপর তাঁর অভিনীত আলোচিত সিনেমা ‘অমর সিং চামকিলা’ও নেটফ্লিক্সে মুক্তি পেয়ে দর্শকদের প্রশংসা কুড়ায়। এবার সেই প্ল্যাটফর্মেই ওয়েব সিরিজের অভিনেত্রী হিসেবে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি।

আরও পড়ুন: ‘প্রিয়ন্তী ইন প্যারিস’

গত বছরের ফেব্রুয়ারিতে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছিল। এরই মধ্যে শুটিংসহ নির্মাণের সব কাজ শেষ হয়েছে। এবার মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটির তারিখ প্রকাশ করল নেটফ্লিক্স।

সিরিজের গল্প আবর্তিত হয়েছে এক মাকে ঘিরে। এই চরিত্রেই অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে বছরের পর বছর লড়াই চালিয়ে যান তিনি। সন্তানের প্রতি মায়ের গভীর টান, দীর্ঘ অপেক্ষা ও না হার মানার মানসিকতার পাশাপাশি গল্পে উঠে আসবে সম্পর্কের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলার নানা দিক।

আরও পড়ুন: সজিব-রিমির ‘আদরে আদরে’

‘শাক’ পরিচালনা করেছেন রেন্সিল ডি’সিলভা। সিরিজটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেক নতুন স্তর। দীর্ঘ ৯ বছর ধরে হার না মানা এক মায়ের আবেগঘন ও রোমাঞ্চকর জার্নিকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ বিভাগের প্রধান তানিয়া বামিও সিরিজটির গল্প নিয়ে আশাবাদী। তাঁর ভাষায়, ‘শাক’ শুধু একটি ক্রাইম থ্রিলার নয়; এর মূল গল্প একজন মায়ের দীর্ঘ নয় বছরের সংগ্রামকে ঘিরে। নিজের সন্তানকে খুঁজে পেতে তাঁর তীব্র আকুলতার সঙ্গে গল্পে যুক্ত হয়েছে রহস্য ও উত্তেজনা। একই সঙ্গে সিরিজের প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যেকের গোপনীয়তা, দ্বন্দ্ব ও নানা অজানা দিক দর্শকদের বারবার ভাবতে বাধ্য করবে—কোনটি সত্য, আর কোনটি মিথ্যা।

পরিণীতি চোপড়ার সঙ্গে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।

সব মিলিয়ে একজন মায়ের সন্তান হারানোর বেদনা, দীর্ঘ অপেক্ষা এবং সত্য অনুসন্ধানের গল্পকে টানটান ক্রাইম থ্রিলারের মোড়কে উপস্থাপন করতে যাচ্ছে ‘শাক’। ওয়েব সিরিজে পরিণীতির নতুন এই অবতার দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটিই এখন দেখার অপেক্ষা।