গুগল ফটোসে এআইয়ের নতুন ব্যবহার, ছবি গোছাবে জেমিনি স্পার্ক

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪৭ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুগল ফটোসে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বাড়াচ্ছে গুগল। নতুন জেমিনি স্পার্ক সুবিধার মাধ্যমে ছবি সম্পাদনা, অ্যালবাম তৈরি ও ছবি গোছানোর মতো বিভিন্ন কাজ করা যাবে। এমনকি একাধিক কাজ একসঙ্গে মিলিয়ে নির্দিষ্ট কর্মপ্রবাহও পরিচালনা করতে পারবে এআইটি।

গুগল জানিয়েছে, জেমিনি স্পার্ককে নির্দেশ দিয়ে গুগল ফটোসে থাকা ছবির অ্যালবাম গুছিয়ে নেওয়া যাবে। পছন্দের ছবি বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করার উপযোগী অ্যালবামও তৈরি করতে পারবে এটি।

আরও পড়ুন: গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ মার্কিন আদালতের

শুধু ছবি ব্যবস্থাপনাই নয়, কোনো অনুষ্ঠানের প্রচারপত্রের ছবি বিশ্লেষণ করে সেখান থেকে তথ্য নিয়ে ক্যালেন্ডারে অনুষ্ঠানের সময়সূচি যোগ করার কাজও করতে পারবে জেমিনি স্পার্ক। ফলে ছবিতে থাকা তথ্য কাজে লাগিয়ে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করার সুযোগ তৈরি হবে।

গুগল ফটোসের প্রধান শিমরিত বেন-ইয়ার বৃহস্পতিবার এক পোস্টে নতুন সুবিধাগুলোর কথা জানান। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো চালু করা হবে।

আরও পড়ুন: এআই দিয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে, দ্রুত প্রতিরোধের আহ্বান

তবে প্রাথমিকভাবে এসব সুবিধা ইংরেজি ভাষায় এবং জেমিনি এআই প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য পাওয়া যাবে। অন্যান্য দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা কবে থেকে সুবিধাগুলো পাবেন, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি গুগল।

ছবি গোছানোর ঝামেলা কমবে

বর্তমানে অনেক ব্যবহারকারীর ফোন ও অনলাইন স্টোরেজে হাজার হাজার ছবি জমা থাকে। প্রয়োজনের সময় সেগুলো খুঁজে বের করা, অ্যালবাম তৈরি করা কিংবা নির্দিষ্ট ছবি আলাদা করা বেশ সময়সাপেক্ষ। জেমিনি স্পার্কের মাধ্যমে এসব কাজ সহজ ও দ্রুত করার লক্ষ্য নিয়েছে গুগল।

তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআইনির্ভর নতুন সুবিধা নিয়ে প্রশ্নও রয়েছে। নতুন কোনো এআই সুবিধা চালু হলেই তা যে সব ব্যবহারকারীর জন্য অপরিহার্য হবে, এমন নয়। প্রযুক্তি খাতের অনেকের মতে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এআইকে আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করাই গুরুত্বপূর্ণ।

যেভাবে ব্যবহার করবেন

জেমিনি স্পার্ক ব্যবহার করতে প্রথমে গুগল ফটোসকে জেমিনির সঙ্গে যুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোণায় থাকা স্পার্ক সুবিধা চালু করে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। নির্দেশ অনুযায়ী জেমিনি ফটোসের বিভিন্ন কাজ সম্পন্ন করবে।