বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:১১ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২.১৪ ডলারে দাঁড়িয়েছে।

তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে তারা সামরিক পদক্ষেপ নিয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

অপর দিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটিতে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবেই তারা সামরিক অভিযান পরিচালনা করেছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। চলমান এই উত্তেজনায় বিশ্ব অর্থনীতিতে আবারও বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

আরও পড়ুন: বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক