এক রাতেই পাড়ার ১০ নলকূপ চুরি, মাদকসেবীদের সন্দেহ এলাকাবাসীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:২২ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক রাতেই একটি পাড়ার ১০টি নলকূপ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর মোদকপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর সন্দেহ, মাদকসেবীদের একটি অংশ এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন এবং কারা নলকূপগুলো চুরি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগরপুর মোদকপাড়ায় প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবারের বসবাস। পাড়াটির খালপাড়ের তিন-চারটি স্থানে আশপাশের এলাকার কিছু মাদকসেবী দীর্ঘদিন ধরে জড়ো হন বলে স্থানীয়দের অভিযোগ। তাদের কয়েকজন মাদকের অর্থ জোগাড় করতে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলেও দাবি এলাকাবাসীর।

আরও পড়ুন: ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বালু জব্দ ও আটক দুই

স্থানীয় খুদে ব্যবসায়ী বিমল চন্দ্র মোদক মেনুর (৬৫) বাড়ির নলকূপটিও শুক্রবার রাতে চুরি হয়েছে। এর আগেও প্রায় এক বছর আগে তাঁর একটি নলকূপ চুরি হয়েছিল।

বিমল চন্দ্র বলেন, আগেরবার নলকূপ চুরি যাওয়ার পর নতুন কল কিনতে তাকে ধার করতে হয়েছিল। এবার আবারও একই ঘটনা ঘটায় নতুন নলকূপ কীভাবে কিনবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। আপাতত অন্য জায়গা থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

এ বিষয়ে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নলকূপ চুরির সত্যতা পাওয়া গেছে। চুরি যাওয়া নলকূপ উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।