ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক দুই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। শনিবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

আরও পড়ুন: পদ্মা নদীতে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার, ১০ যাত্রী দেশে ফিরেছে

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।

আরও পড়ুন: সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা

আটক দুই বাংলাদেশির মধ্যে একজন হলেন বৈরচুনা ইউনিয়নের উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মো. মোস্তাকিম। অপরজন একই ইউনিয়নের ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দিনাজপুর ৪২ বিজিবির চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার ওই এলাকায় বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের টহল দল গুলি চালায় বলে জানা গেছে।

এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই সময় বিএসএফ আরও দুজন বাংলাদেশিকে আটক করে।

পরে গুলিবিদ্ধ আসাদুল হককে চিকিৎসার জন্য ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত আসাদুল হক তার এলাকার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে তিনি প্রথম ঘটনাটি জানতে পারেন। পরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি বিজিবিকে অবহিত করেন।

ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ও ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে এ বিষয়ে যোগাযোগ চলছে।

এদিকে ঘটনার বিষয়ে আলোচনা করতে রোববার (১৩ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে একটি পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।

তবে ঘটনার বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।