কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৫ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—স্লোগানকে সামনে রেখে কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এসব কর্মসূচি আয়োজন করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ জন গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. আশরাফুল হকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরিফ মাহমুদসহ আনসার-ভিডিপির সদস্য-সদস্যারা অংশ নেন।

রাঙামাটিতে জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. সাদ্দাম হোসেন ও সার্কেল অ্যাডজুট্যান্ট মো. তানজির আজাদের উপস্থিতিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫৪০টি চারা এবং ১০০টি তালের বীজ রোপণ করা হয়েছে। জেলার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. ইব্রাহিম খলিল।

বাগেরহাট জেলার নয়টি উপজেলায় রোপণ করা হয় ৫০০টি চারা। জেলার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মো. শরিফুল ইসলাম। খাগড়াছড়ি ও বাগেরহাটে মিলিয়ে মোট ১ হাজার ৪০টি চারা এবং ১০০টি তালের বীজ রোপণ করা হয়েছে।

নেত্রকোনা জেলার ১০টি উপজেলার মধ্যে নয়টি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, আটপাড়া, কলমাকান্দা, মদন, কেন্দুয়া, বারহাট্টা, পূর্বধলা ও দুর্গাপুরে মোট ৫০০টি চারা রোপণ করা হয়। এর মধ্যে ১৭০টি বনজ, ১৪০টি ফলজ এবং ১৯০টি ঔষধি গাছের চারা রয়েছে।

কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য-সদস্যারা অংশ নেন। আনসার-ভিডিপির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।