সোনাগাজীতে সোশ্যাল এইডের উদ্যোগে অভিবাসন সচেতনতা কর্মশালা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৩ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলায় বিদেশ ফেরত ও বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের নিয়ে নিরাপদ অভিবাসনবিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল এইডের উদ্যোগে এবং UnifID-এর কারিগরি সহায়তায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবাবপুর ইউনিয়ন পরিষদ ও মমতাজ মিয়ার হাট মাদ্রাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোহাম্মদ নুরনবী।

আরও পড়ুন: সংসদে ডা. বাচ্চুর উত্থাপিত ভূমি জটিলতায় মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

কর্মশালায় নিরাপদ অভিবাসন, বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য যাচাই, ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা নিশ্চিত করা এবং দালালের প্রতারণা থেকে সতর্ক থাকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সোশ্যাল এইডের প্রোগ্রাম অফিসার ফারাজানা ফারিন ও আলী রাহাত কর্মশালার মূল বিষয়গুলো উপস্থাপন করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় জেনে-বুঝে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। কোনো দালালের প্রলোভনে না পড়ে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে অংশগ্রহণকারীরা ঐকমত্য প্রকাশ করেন।

আরও পড়ুন: চুনারুঘাটে মাদক ব্যবসার অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভিসা, ওয়ার্ক পারমিটসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র সঠিক ও বৈধ কি না, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তিনি বিদেশগমনেচ্ছুদের প্রতারণা এড়িয়ে সতর্কতার সঙ্গে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি সোশ্যাল এইডের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা বিদেশগমনেচ্ছু যুবকদের প্রয়োজনীয় তথ্য জানতে সহায়তা করবে।

কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন সোশ্যাল এইডের টেকনিক্যাল কোঅর্ডিনেটর মোহাম্মদ জিল্লুর রহমান ও সাংবাদিক জহিরুল হক সজিব। এতে নবাবপুর ইউনিয়নের বিদেশ ফেরত ও বিদেশে যেতে ইচ্ছুক যুবকেরা অংশ নেন।