আশুলিয়ায় আন্ডারপাসে মিলল ৫টি ককটেল সদৃশ বস্তু

Shahrier Islam Pallab
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া:
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১১ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার একটি আন্ডারপাস থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪-এর সদস্যরা বস্তুগুলো দেখতে পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো উদ্ধার করে নিয়ে যান।

এসআরবি-৪-এর সিপিসি-২-এর সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু পড়ে থাকার তথ্য পান তাঁরা। পরে এসআরবি-৪-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি পলিথিনের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো তিনটি এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি হাতবোমা সদৃশ বস্তু দেখতে পায়।

আরও পড়ুন: মাদকের বিরুদ্ধে কলম ধরায় সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র!

বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে আন্ডারপাসের ওই স্থান ঘিরে রাখা হয়। একই সঙ্গে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো নিয়ে যান।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে। ককটেল সদৃশ বস্তুগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পর তাঁরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরে ক্ষতি ২১ কোটি টাকা, মামলায় আসামি ৮০২৬ জন