ব্রেক ফেল করা যাত্রীদের বাঁচাতে হেলপারের মর্মান্তিক মৃত্যু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্রেক ফেল করা একটি যাত্রীবাহী বাস থামানোর চেষ্টা করতে গিয়ে দুলাল (২৫) নামে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তার আত্মত্যাগে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তিনি ‘আহসান পরিবহন’ নামের একটি ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: নর্দ্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পদ্মা সেতু পার হয়ে ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ বাসটির ব্রেক বিকল হয়ে যায়।

চালক বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হচ্ছিল না। টোল প্লাজার ব্যারিয়ারে ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিলে হেলপার দুলাল দ্রুত চলন্ত বাস থেকে নেমে যান।

আরও পড়ুন: রাজধানীতে ভূমিকম্প অনুভূত

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটিকে থামানোর জন্য তিনি পেছনের চাকার নিচে কাঠের টুকরো বা ভারী কিছু বসানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুলালের আত্মত্যাগের ফলে বাসটি বড় ধরনের সংঘর্ষের হাত থেকে রক্ষা পায় এবং বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার পর ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য টোল আদায় বন্ধ রাখা হয়। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা দুলালের আত্মত্যাগকে সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।