পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে বদলি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আমলের স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৩ ডিসেম্বর, শনিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

বদলির আদেশ অনুযায়ী, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) শিহাব করিমকে পুলিশের বিশেষ শাখা (এসবি) সহকারী পুলিশ সুপার পদে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবুল কালামকে নৌ পুলিশে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল হক ও মো. মিজানুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে সিরাজগঞ্জ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারকে সুনামগঞ্জ, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফেকুর রহমানকে ঝিনাইদহ, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনকে ঝিনাইদহ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনকে সিলেট, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আমিনকে হবিগঞ্জ, খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রকে খুলনা সদরে, নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামকে নওগাঁ, এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুকে ফরিদপুর ভাঙ্গা সার্কেলে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

এছাড়া, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎকে খাগড়াছড়ি এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো. সালাউদ্দিনকে খুলনা সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।