নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার নির্দেশনা দেন। মঙ্গলবার ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর এবং শেরপুরের ঝিনাইগাতী ও ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ডিবির দাবি: সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন সাবেক এএসপি ফজলুর রহমান

সকালে বিজিবি মহাপরিচালক ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে সেক্টর সদর দপ্তর ও সহাবস্থিত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সকল পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিজিবি সদর দপ্তরসহ সারাদেশের সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের কর্মকর্তারা ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে যুক্ত ছিলেন।

পরবর্তীতে তিনি ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতীতে যান এবং শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৫৭ মামলা

এরপর বিজিবি মহাপরিচালক ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় বেসামরিক প্রশাসন ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন ও কুমিল্লা সেক্টরের কমান্ডার, কুমিল্লা ও ফেনী ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব ও আনসারের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিজিবি মহাপরিচালক ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডারসহ সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।