ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বডি ক্যামেরাসহ বাড়তি নিরাপত্তা
ঢাকা মহানগরীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রের নিরাপত্তায় বডি ক্যামেরাসহ বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৫৭ মামলা
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে তিনি জানান, মোট ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের চিহ্নিত করে বিচার দাবি
তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট ঘিরে ডিএমপির ২৫ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম। ডিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঢাকায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।





