বাহারুলের পদত্যাগ, নতুন আইজিপি নিয়োগের প্রক্রিয়া চলছে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন। বুধবারের মধ্যেই নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আইজিপির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানায়, তাঁর পদত্যাগপত্র গ্রহণ এবং নতুন আইজিপি নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আরও পড়ুন: শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
এর আগে, এদিন সকালে পুলিশ বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের একটি গ্রুপে খুদে বার্তার মাধ্যমে বাহারুল আলম নিজেই পদত্যাগের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। পুলিশ প্রশাসনে চেইন অফ কমান্ড সুসংহত করতে এবং সংস্কার কার্যক্রম গতিশীল করতেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আজ দুপুরে আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন বলে নিশ্চিত হওয়া গেছে। এরপরই পুলিশ সদর দপ্তরে একটি সভার আয়োজন করেন। এদিন সকালে অফিসে এসেই আইজিপি বাহারুল আলম সিনিয়র পুলিশ অফিসারদের গ্রুপে এক বার্তায় বিদায়ের ইঙ্গিত দেন। বার্তাটি হল
আরও পড়ুন: আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
‘‘Dear colleagues,
I would like to echo Charles Dickens.
" It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity , it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair."
For every success of police in the past 15 months - credit goes to you. For every failure , it's me who is to blame.
May the Almighty bless you all.
Baharul Alam
IGP।’’
আইজিপির নোটিশ পেয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা হাজির হন কনফারেন্স কক্ষে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি ফিরে আসলে বিদায়ী সভাটি আইজিপি স্থগিত করেন। বিদায়ী সভাটি আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের শীর্ষ একটি সূত্র জানায়, নতুন সরকার দায়িত্ব গ্রহণ চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব নিযুক্ত হন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখনো মন্ত্রণালয়ে যোগদান করেননি।
এই পরিস্থিতিতে আইজিপির পদত্যাগ সিদ্ধান্তহীনতার মধ্যে পড়েছে। মন্ত্রণালয় থেকে আইজিপিকে আজকের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন আইজিপি নিয়োগের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ডিএমপির কমিশনারসহ পুলিশের শীর্ষ কয়েকটি পদে নতুন নিয়োগ হতে পারে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশের নতুন আইজিপি নিয়োগ নিয়ে চলছে জোর তদবির তৎপরতা। কর্মরত পুলিশ কর্মকর্তাগণ সিনিয়রিটি অনুযায়ী কর্মরতদের মধ্য থেকে সৎ ও দক্ষ কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে আইজিপি করতে চান। অপরদিকে সাবেক পুলিশ কর্মকর্তারা তাদের বঞ্চনার দাবি করে তাদের মধ্য থেকে অতীতের ক্ষতি পুষিয়ে দিতে চুক্তিভিত্তিক নিয়োগের তদবির করছেন। চুক্তির তালিকায় আনসার উদ্দিন গাজী পাঠান ও সাবেক সিআইডি প্রধান মতিউর রহমান শেখের নাম আলোচনায় আছে। কর্মরত কর্মকর্তাদের মধ্যে হাইওয়ে পুলিশের প্রধান দেলোয়ার হোসেন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকিরের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। আলী হোসেন ফকির আইজিপির দৌড়ে এগিয়ে আছেন বলে সূত্র নিশ্চিত করেছে।





