মেসির চোটে পিছিয়ে গেল মায়ামির ম্যাচ
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে শেষ গা গরমের ম্যাচের আগে চোটে পড়েছেন লিওনেল মেসি। এই ম্যাচ খেলার মতো অবস্থায় তিনি নেই। ম্যাচটিই তাই পিছিয়ে দেওয়া হয়েছে। প্রস্তুতি ম্যাচ হলেও সেই ম্যাচটি হবে এখন মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরুর পর!
বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগায় বুধবার ইন্টার মায়ামির অনুশীলনে ছিলেন না মেসি। গত শনিবার একুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে দুর্দান্ত গোলের ম্যাচটিতেই চোট পান আর্জেন্টাইন তারকা। ম্যাচের ৬০ মিনিটের পর উঠিয়ে নেওয়া হয় তাকে।
আরও পড়ুন: আকাশছোঁয়া দামে রাওয়ালপিন্ডিতে রিশাদ
ইন্টার মায়ামি বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়েছে মেসি এবং তার অনুশীলনে ফেরা নির্ভর করবে পর্যায়ক্রমিক অগ্রগতির ওপর।
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে মায়ামির শেষ ম্যাচটি হওয়ার কথা শুক্রবার, যেখানে তাদের প্রতিপক্ষ একুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে। সেই ম্যাচটি পিছিয়ে এখন হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। তবে মেজর লিগ সকারে মায়ামির শিরোপা ধরে রাখার অভিযান শুরু হয়ে যাবে ২১ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: ক্রিকেট রাজনীতিতে গুগলি, সিদ্ধান্ত পাল্টালো পাকিস্তান
ম্যাচ বাতিলের ঘটনায় এক ভিডিও বার্তায় মেসি বলেন, ‘পুয়ের্তো রিকোর সেই মানুষদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, যারা আমাদের অনুশীলন সেশন ও ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ইকুয়েডরে আমাদের সর্বশেষ ম্যাচে আমার মাংসপেশিতে টান লাগে। সে কারণে আমাকে আগেভাগেই মাঠ ছাড়তে হয়।
ক্লাব ও আয়োজকদের সঙ্গে আলোচনা করেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে আবার সেখানে খেলতে পারব।’
আগামী ২১ ফেব্রুয়ারি এমএলএসের নতুন মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে মাঠে নামার কথা হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের। তবে ওই ম্যাচে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর থেকেই ইন্টার মায়ামির সাফল্যের অন্যতম কারিগর মেসি।
২০২৪ সালে ক্লাবটিকে প্রথম ট্রফি হিসেবে লিগস কাপ জেতান তিনি। একই মৌসুমে ব্যক্তিগতভাবে হন সেরা খেলোয়াড়। এরপর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে মায়ামির ইতিহাসে প্রথম এমএলএস কাপ জয়ে নেতৃত্ব দেন এই আর্জেন্টাইন মহাতারকা।
সর্বশেষ মৌসুমে মেসি ছিলেন দলের সেরা গোলদাতা। জিতেছেন গোল্ডেন বুটের পাশাপাশি সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও। এমন সময়ে তার চোটে পড়া নিঃসন্দেহে নতুন মৌসুম শুরুর আগে ইন্টার মায়ামির জন্য বড় ধাক্কা।





