রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রিপোর্ট পেলেই চার্জশিট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন শনিবার (২৩ মে) পাওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট হাতে পাওয়া গেলে রোববার (২৪ মে)-এর মধ্যেই চার্জশিট আদালতে জমা দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের বদলি বাণিজ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাসহ দুইজন আটক

তিনি বলেন, “ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলে আগামীকালই চার্জশিট দেওয়া যাবে।”

গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাকায় মবকারীদের কঠোরভাবে দমন করা হবে: ডিএমপি কমিশনার

পরদিন ২০ মে শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এরপর বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি সোহেল রানার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে তিনি ঘটনার দায় স্বীকার করেন এবং জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।

জবানবন্দি রেকর্ডের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করে চার্জশিট দাখিল করা হবে।