সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়
নিষিদ্ধ আ লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভয়াবহ নাশকতার চক
২৩শে জুন মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকা, পার্শ্ববর্তীসহ গুরুত্বপূর্ণ জেলায় ভয়াবহ নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম মহানগর এলাকায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ করে আসছিল। বিশেষ করে গাজীপুরে পুলিশকে হত্যার হুমকি ও ঢাকার মহাখালীতে ককটেল বিস্ফোরণ, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। গত কয়েকদিনে শতাধিক নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদেও বেরিয়ে আসছে ভয়ংকর তথ্য।
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিটোল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।
আরও পড়ুন: বিচারপতি রেজাউল হককে প্রধান করে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার ৪টি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে।
নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনারসহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ডিউটি তদারকি ও দিকনির্দেশনা প্রদান করবেন।
জুন মাসে এ পর্যন্ত রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জুনের শুরু থেকে ২০ তারিখ পর্যন্ত বিগত ২০ দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় ৮২ জন গ্রেপ্তার, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরি সংক্রান্তে ১২১ জন, দস্যুতায় ১১৩ জন, ডাকাতি সংক্রান্তে ১২০ জনকে গ্রেপ্তার করেছে। ডিএমপির সকল থানা, ডিবি ও সিটিটিসি ইউনিটসহ জুন মাসে এ পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ০৪ জন তালিকাভুক্ত চাঁদাবাজ।
ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, যেকোনো মূল্যে রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি পুলিশ বদ্ধপরিকর। এদিকে রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো— ১। মোঃ ইবাদুল ইসলাম (২১) ২। মিলন বারৈ (২০) ৩। মোঃ সুজন সরদার (২৬) ৪। সবুজ ঢালী (২৮) ৫। নিপুল বিশ্বাস (২৯) ৬। সমু ঢালী (২৮) ৭। অশোক ঢালী (৩০) ৮। মোঃ সৌরভ হাওলাদার (২৩) ৯। মোঃ জয় (২৮) ও ১০। মাহবুব হাওলাদার (৪০)।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবি সম্বলিত ০৮টি গেঞ্জি ও একটি ব্যানার যাতে লেখা রয়েছে “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।





