ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীতে পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে মিছিলটি সম্পন্ন হয়।
শুক্রবার (২৬ জুন ২০২৬) সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়। হাজারো শোকাহত ভক্ত খালি পায়ে বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে করতে মিছিলে অংশ নেন।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবারও ব্যাপক রদবদল
মিছিলটি হোসাইনী দালান থেকে বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর সড়ক, বিজিবির ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড অতিক্রম করে ধানমন্ডি লেকপাড়ের প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে দুপুর আড়াইটা নাগাদ শেষ হয়।
মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ডিএমপি। নিরাপত্তার স্বার্থে মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পুরো রুটজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে ডিজি আশরাফের জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে বিজিবির বক্তব্য
ডিএমপি জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। তাদের তৎপরতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তাজিয়া মিছিল সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১০ মহররম পবিত্র আশুরা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও পুরান ঢাকার হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়াসহ বিভিন্ন ইমামবাড়ায় শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।





