কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সাইফুল মালিকের মৃত্যু হয়।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল গোল প্রেডিকশনে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ১০ বিজয়ী ঘোষণা
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি বৃহস্পতিবার ভোরে মারা যান।
মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্মগ্রহণ করা সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা
পরবর্তীতে ২০১৬ সালে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার অকাল মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন।





