সেনাবাহিনী প্রধান কর্তৃক উদ্বোধন হলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:২২ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:১৮ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সোমবার (৩ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে তিনি ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নে অবদান রেখে আসছে। বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে নতুন এই শিক্ষা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এ ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সেনাবাহিনীর প্রত্যাশা, প্রতিষ্ঠানটি শিক্ষা, আদর্শ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখানকার শিক্ষার্থীরা জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন, ক্রীড়ায় সাফল্যের বার্তা আইজিপির

অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।