ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে বাড়তি সাশ্রয় ও আর্থিক নমনীয়তা নিশ্চিত করতে নতুন ‘ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। কার্ডটি কেনাকাটায় ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি লাইফস্টাইল ও ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি প্রদান করবে বলে জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংক সূত্রে জানা যায়, রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার ও ওয়ালেট-সংক্রান্ত লেনদেনে গ্রাহকরা বছরে সর্বোচ্চ ৮,৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। নতুন ইস্যুকৃত প্রাইমারি কার্ডধারীরা দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট— পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং চালডাল—থেকে ওয়েলকাম ভাউচার পাবেন।

আরও পড়ুন: ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে এসেছে ৮৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স

কার্ড ইস্যুর প্রথম তিন মাসে পিওএস, কিউআর ও ই-কমার্স লেনদেনে মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। এছাড়া বিকাশ ওয়ালেট ট্রান্সফার প্রসেসিং ফিতে ১ শতাংশ ক্যাশব্যাক সুবিধা থাকবে।

গ্রোসারি কেনাকাটায় বিশেষ সুবিধার আওতায় স্বপ্ন, মীনা বাজার, আগোরা এবং ইউনিমার্টে মাসিক ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করা যাবে। একইভাবে স্বাস্থ্যসেবা খাতে লাজ ফার্মা, তামান্না ফার্মেসি এবং আরোগ্য-তে কেনাকাটায় মাসিক ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা মিলবে।

আরও পড়ুন: নভেম্বরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, দেশে এলো ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার

বড় অঙ্কের দেশি-বিদেশি কেনাকাটায় গ্রাহকরা ব্যাংকের ডিজিটাল অ্যাপ ‘আস্থা’র মাধ্যমে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন। এছাড়া দেশজুড়ে ১,৭০০-এর বেশি পার্টনার মার্চেন্টে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাওয়া যাবে।

কার্ডধারীরা প্রতিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন, যা নির্দিষ্ট রিটেইল ট্রানজ্যাকশন বা বার্ষিক ফি মওকুফে ব্যবহার করা যাবে। এছাড়া ঐচ্ছিক সুবিধা হিসেবে ‘ক্রেডিট শিল্ড ইনস্যুরেন্স’ যুক্ত রয়েছে, যার মাধ্যমে হাসপাতাল ব্যয়, মৃত্যু, স্থায়ী অক্ষমতা ও জটিল রোগের ক্ষেত্রে সুরক্ষা পাওয়া যাবে।

১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান কার্ডটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসা-এর কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং দৈনন্দিন ব্যয়ে সাশ্রয় নিশ্চিত করতেই নতুন এই ক্যাশব্যাক কার্ড চালু করা হয়েছে।