রমজানের প্রথম দিনে রাজধানীতে যানজট, ইফতারের আগে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসের প্রথম কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। নতুন অফিস সময়সূচি কার্যকর হওয়ার পর কর্মঘণ্টা শেষে একযোগে ঘরমুখী মানুষের চাপে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের ধীরগতি ও দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ইফতারের আগে গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগে পড়েছেন অনেক যাত্রী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ চাঁদ দেখার ঘোষণার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হয়। এদিন থেকেই সরকারি অফিস, আদালত ও ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী, সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলছে।

আরও পড়ুন: দোকানপাট ও শপিংমল খোলার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

রমজানের প্রথম দিন কর্মঘণ্টা শেষ হওয়ার পর রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের চিত্র দেখা যায়। কোথাও কোথাও যানবাহন দীর্ঘসময় স্থির ছিল, আবার কিছু সড়কে ধীরগতিতে চলেছে পরিবহন। গণপরিবহনের সংকট ও অতিরিক্ত যাত্রীচাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

যাত্রীদের অভিযোগ, একই সময়ে বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল ত্যাগ করায় সড়কে চাপ বেড়েছে। ফলে বাসস্ট্যান্ডগুলোতে অতিরিক্ত ভিড় এবং সিএনজি ও রাইডশেয়ার সেবায় চাহিদা বৃদ্ধি পায়। অনেকেই ইফতারের আগে বাসায় পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: গাজীপুর থেকে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান শুরু: ডাঃ এম এ মুহিত

সংশ্লিষ্টরা বলছেন, রমজানের প্রথম কয়েকদিন সময়সূচি পরিবর্তনের কারণে সড়কে চাপ কিছুটা বেশি থাকতে পারে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং গণপরিবহন সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রমজানজুড়ে নতুন সময়সূচি বহাল থাকবে বলে জানা গেছে।