গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় হাতেনাতে আটক, পুলিশের কাছে হস্তান্তর

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাধীন গাছা থানার ছয়দানা হাজিরপুকুর পশ্চিমপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে পূর্বে বিচ্ছিন্ন করা একটি গ্যাস সংযোগ পুনরায় অবৈধভাবে চালুর চেষ্টা করা হলে একজনকে হাতেনাতে আটক করা হয়।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, গত ০৪ মে  তারিখে মোতালিব হোসেনের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিশেষ অভিযানের মাধ্যমে বিচ্ছিন্ন করে ‘কিল’ করা হয়। কিন্তু পরবর্তীতে তিতাস গ্যাসের কোনো অনুমোদন ছাড়াই ওই কিল করা রাইজার পুনর্নির্মাণ করে পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করা হয়।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা প্রদান করে মোঃ ইকবাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেন। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৭৩২১০৯১২৮৭। পরে তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি ফোনে অবহিত করেন।

খবর পেয়ে তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নেয়। পরবর্তীতে আটক ইকবাল হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার

এ ঘটনায় তিতাস গ্যাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।