গাবতলী পশুর হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: প্রতিমন্ত্রী
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। মঙ্গলবার (২৬ মে) হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাবেচা নিশ্চিত করতে সরকার ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
প্রতিমন্ত্রী বলেন, গাবতলী পশুর হাটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে। পশুর মূল্যের ওপর নির্ধারিত ৫ শতাংশ হাসিল আদায় যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং রশিদের মাধ্যমে তা যাচাই করা হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় সাময়িক সমস্যা তৈরি হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কাদা জমে গেলে তাৎক্ষণিকভাবে ইট, সুরকি বা বালু ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, হাটে জালিয়াতি ও নকল টাকা শনাক্তে র্যাব, পুলিশ, কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
হাটের শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন, ইজারাদার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।





