বকেয়া পৌরকর পরিশোধে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিল ডিএসসিসি
বকেয়া পৌরকর আদায়ে করদাতাদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে আরোপিত ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৯ জুন) নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির নিজস্ব মালিকানাধীন মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আরও পড়ুন: নাগরিক সচেতনতায় ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
সভায় বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ট্রেড লাইসেন্স নবায়ন এবং বাজার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মার্কেট কমিটির প্রতিনিধিরা ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা, হকারদের অবৈধ দখল, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং বাজার পরিচালনায় নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিক সেবার চাহিদা দিন দিন বাড়ছে। সড়ক নির্মাণ, ড্রেনেজ উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সেবা অব্যাহত রাখতে রাজস্ব আদায় বৃদ্ধি অপরিহার্য।
আরও পড়ুন: প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন ও ন্যায্য বিলের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন
তিনি বলেন, “সিটি কর্পোরেশন নাগরিকদের কর ও ভাড়ার অর্থে পরিচালিত হয়। রাজস্ব ঘাটতির কারণে সেবামূলক কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে। তাই ব্যবসায়ী ও করদাতাদের নিয়মিত কর ও ভাড়া পরিশোধে এগিয়ে আসতে হবে।”
দীর্ঘদিনের অনিয়ম ও অবৈধ স্থাপনার বিষয়ে প্রশাসক বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় সিটি কর্পোরেশন। তবে বৈধতা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের নিয়ম মেনে চলার বিকল্প নেই।
সভায় বাজার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, ট্রেড লাইসেন্স ও সাইনবোর্ড কর হালনাগাদ করা, বাজারের প্যাসেজ ও প্রবেশপথ দখলমুক্ত রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা।
ডিএসসিসি জানায়, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নোটিশ, জরিমানা এবং প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেগুলোতে প্রতিবন্ধীবান্ধব র্যাম্প ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বাজার ও মার্কেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





