এবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ৪:৩৩ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভবনের জানালার থাই গ্লাস খুলে নেওয়ার চেষ্টা করে একদল দুষ্কৃতিকারী। তাদের মধ্যে কেউ একজন একটি গ্লাস নিয়ে পালাতে সক্ষম হলেও অন্যটি রেখে যেতে বাধ্য হয়।

শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পূর্বাচল ৩০০ ফিটে রাজউকের অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ

কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কয়েকজন ব্যক্তি ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় লিফটের সামনে স্থাপিত দুটি থাই গ্লাস খুলে ফেলে। পরে ভবনের পেছনের অংশ দিয়ে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ সময় সন্দেহজনক শব্দ শুনে দায়িত্বে থাকা দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ সতর্ক হন। তাদের সঙ্গে কর্তব্যরত পুলিশ সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। তবে অভিযুক্তরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন: রাড্ডায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় সাইবার দলের নেতা গ্রেপ্তার

ঘটনার পরপরই বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের জন্য কার্যালয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সম্ভাব্য ইন্ধনদাতাদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তদন্ত পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।