উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেফতার, অপহৃত ব্যক্তি ও ২৫ লাখ টাকা উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকা, আত্মসাৎকৃত স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং ইয়াবা উদ্ধারসহ ছয়জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি দল রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল আলিম বাবু (৩০), সজিব মিয়া (২৯), ময়নুদ্দিন (৪০) এবং মহিউদ্দিন (৩৬)-কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা অপহৃত ব্যক্তি আজিবুর রহমান (৫০)-কে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা রোধে ঝটিকা অভিযান, ৯ দোকানিকে জরিমানা

এদিকে, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দায়ের করা আরেকটি মামলার তদন্তে নেমে উত্তরা পশ্চিম থানার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযুক্ত নুর হোসাইন সোহাগের অবস্থান শনাক্ত করে। পরে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তার হেফাজত থেকে ৯ ভরি ওজনের স্বর্ণের চেইনসহ প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার এবং মোবাইল ফোন, ল্যাপটপসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন: শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’, বর্জ্য ফেলায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

অন্যদিকে, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।