দক্ষ মানবসম্পদ গঠনে আনসারের টিডিপি অ্যাডভান্সড কোর্স চলমান, অংশ নিচ্ছেন ৮০০ প্রশিক্ষণার্থী
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২৬-২৭ সেশনের ‘নগর প্রতিরক্ষা দল (টিডিপি) অ্যাডভান্সড কোর্স (পুরুষ ও মহিলা)–১ম ধাপ (অনাবাসিক)’ কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।
ঢাকা মহানগর আনসারের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—এই চারটি জোনের তত্ত্বাবধানে পরিচালিত ২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে গত ২৮ জুন ২০২৬ এবং আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে।
আরও পড়ুন: রাজধানীতে হাজার কোটি টাকার মশক নিধনেও প্রশ্ন
প্রশিক্ষণে চারটি জোনে একযোগে মোট ৮০০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে প্রশিক্ষণের ষষ্ঠ দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিশন "শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা" বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের বিকাশ, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কমিউনিটি নিরাপত্তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ধানমন্ডিতে চাপাতির মুখে ছিনতাই, তিন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
প্রশিক্ষণের প্রথম ছয় দিনের মূল্যায়নে অংশগ্রহণকারীদের উপস্থিতি, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং শেখার আগ্রহ সন্তোষজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে টিডিপি সদস্য-সদস্যাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।





