সায়েদাবাদ টার্মিনাল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, মানিকনগরের ৮৮০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে অবৈধ দখল উচ্ছেদ, যানজট নিরসন এবং যাত্রীসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই দিনে রাজধানীর মানিকনগরে ৮৮০ মিটার প্রধান সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএসসিসি প্রশাসক সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং সেখানে পরিচালিত উচ্ছেদ অভিযান তদারকি করেন। এ সময় তিনি টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল এবং শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: ‘ভইরা দে’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন।

ডিএসসিসি প্রশাসক জানান, সায়েদাবাদ বাস টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানের জন্য দুটি করে মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী সব বাস কাউন্টার টার্মিনালের ভেতরে স্থানান্তর করতে হবে।

আরও পড়ুন: রাজধানীর ৫ হাজার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা নির্ধারিত স্থানে ফিরে এসে কার্যক্রম পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।

মো. আবদুস সালাম আরও বলেন, ভবিষ্যতে সায়েদাবাদকে শুধুমাত্র সিটি বাস টার্মিনাল হিসেবে রাখা হবে এবং আন্তজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। একই সঙ্গে গুলিস্তানের বাস টার্মিনালও কেরানীগঞ্জে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মানিকনগরের ৮৮০ মিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর বিশ্বরোড থেকে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সড়কটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি এবং ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়কটি উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হবে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে।

তিনি জানান, নির্ধারিত গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে সড়কটি নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে।

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নত সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল সহজ হবে, জনদুর্ভোগ কমবে এবং এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।